আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে চারদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। বুধবার সকালে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেনারেল অফিসার কমান্ডিং ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দা মার্জিয়া বেগম। মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রসহ একাধিক খ্যাতনামা প্রকাশনী সংস্থা অংশ নিচ্ছে। এতে বইপ্রেমীদের ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হয়েছে। প্রধান অতিথি বইমেলা আয়োজন করায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজকে ধন্যবাদ জানান। তিনি বইমেলার সাথে জড়িত প্রকাশক এবং আমন্ত্রিত অতিথিদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রধান অতিথি বলেন, বই পড়ার মাধ্যমে মানুষ নিত্য নতুন তথ্য জানতে পারে। মেধা ও মননের বিকাশে বই পড়ার কোন বিকল্প নেই। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে শৈশবকাল হতে। বইমেলার হরেক রকম বই সমূহের সমাহার একজন শিশুর মধ্যে বই সংগ্রহ করতে এবং বই পড়ার আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশেপাশের সবাইকে বইমেলায় আসতে এবং বেশি বেশি বই সংগ্রহ করতে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষক, ছাত্র ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

