বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা দস্তগত করে ছাত্রজনতার আন্দোলনে গত ৫ আগষ্ট দেশ থেকে পালিয়ে গেছে। দেশের মানুষ তো আওয়ামী লীগ করে। তারা বোঝেনা! তাদেরকে রাস্তায় ফেলে, হাসিনা ও তার মন্ত্রিসভা এবং পরিবারের লোকজন নিয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা হত্যা করেছে আওয়ামী লীগকে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। এতে দেশে যে দুর্নীতি ও দুঃশাসনের কারণে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। জনগণ আশা করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা নিরেশন করবে। কিন্তু তারা ব্যর্থ। তিনি দেশের আইনশৃঙ্খলা বিষয়ে বলেন, আমাদের দেশে যেই পরিমাণ পুলিশ সদস্য প্রয়োজন, সেই পরিমাণ পুলিশ নেই। অতএব কোনো চুক্তি নয়। একটাই চুক্তি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং যত সংকট রয়েছে সেই সরকার সংকট মোকাবেলা করবে। তিনি নির্বাচন বিষয়ে বলেন, এই সরকারের একটি গ্রুপ রয়েছে। তারা সংস্কার করবে আগে, তার পর নির্বাচন। এটা হয় না। এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার একটি দেশের সংস্কার করতে পারে না। জনগণের নির্বাচিত সরকার হলে, সে যে কোনো সংস্কার সম্পাদন করতে পারে। জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুর আলম বাবুল। জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক মীর সরাফত ইসলাম সফু, কেন্দ্রীয় মহিলা নেত্রী রহিমা শিকদার, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হকসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

