ঢাকাMonday , 24 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিএনপির সমাবেশে দুদু: ৬ মাসেও ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা

Link Copied!

ঠাকুরগাঁওয়ে বিএনপির আয়োজিত এক সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “সরকারের ৬ মাস পেরিয়ে গেলেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের সমস্যা এখনো রয়ে গেছে। তাহলে এই সরকার রেখে লাভ কী?” রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশটি “নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলা” শীর্ষক বিষয়ে আয়োজিত হয়। ছাত্র রাজনীতির সমালোচনা করে দুদু বলেন, “এক সময় আমরা সক্রিয় রাজনীতি করেছি, এমপি-মন্ত্রী হয়েও দামী গাড়িতে চড়তে পারিনি। অথচ এখনকার ছাত্র সমন্বয়করা কোনো চাকরি বা ব্যবসা ছাড়াই দামী গাড়ি ও রূপায়ন টাওয়ারের ফ্ল্যাট কিনছে। এই টাকার উৎস কোথায়?” ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে তিনি বলেন, “তিনি শিক্ষার্থীদের দল করার পক্ষে কথা বলেছেন, যার মানে তিনি নিরপেক্ষ নন। শিক্ষার্থীদের হয়ে যদি তিনি কোনো কারসাজি করেন, তবে তা একজন নোবেল বিজয়ীর জন্য শোভনীয় নয়। এতে তার ও সরকারের সুনাম নষ্ট হবে।” জামায়াতসহ অন্যান্য দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সারা বিশ্বে বিএনপির জনপ্রিয়তা রয়েছে। বিএনপি ক্ষমতায় আসবে বলেই অনেকে এটি সহ্য করতে পারছে না। তবে বিএনপির দরজা সব সময় খোলা আছে।” শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “শেখ পরিবারের সদস্যরা দেশের ব্যাংক ও সম্পদ লুট করেছে। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাদের তদন্ত করে বিচার করা হবে।” সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন। এছাড়া বক্তব্য দেন রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি নুর করিম, জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।