মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মূল ফটকে ব্যবহৃত ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তামাক নির্মূলের একটি স্লোগান ভেসে ওঠে। বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে চলমান স্ক্রিনে শেখ হাসিনার সেই স্লোগানে বলা হয়, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সেই ডিজিটাল স্ক্রিন খুলে ফেলেছে কর্তৃপক্ষ। রবিবার সকালে নাগরিক কমিটির একজন সদস্য একটি ভিডিও ক্লিপ দিয়ে জানান, সিভিল সার্জন মুন্সীগঞ্জে এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রচার করে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের সর্ব উপরের তলায় সিভিল সার্জন কার্যালয় বোর্ডের নিচেই ডিজিটাল স্ক্রীন রয়েছে। শনিবার রাতে স্থানীয়রা সে স্ক্রীনে শেখ হাসিনার বাণী দেখতে পায়। যেখানে শেখ হাসিনার নামের শেষে “মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” পদবী উল্লেখ্য করা ছিলো। এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সাড়ে ৬ মাস পর কিভাবে আবার প্রধানমন্ত্রীর বাণী প্রচার হলো তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে। বিষয়টি জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম বলেন, নাইট গার্ড ভুল করে এটা করে ফেলেছে। ৫ আগষ্ট থেকে এটা আমরা বন্ধ করেছি। কালকে রাতে কিভাবে সে এটা চালু করলো আমি বিষয়টি দেখবো।

