গাজীপুরের শ্রীপুরে বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থী ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রায় ৫শ’ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৩শ’ জনের ডায়াবেটিস পরীক্ষা, হৃদ রোগীদের ইসিজি পরীক্ষা, কিডনি রোগীদের ক্রিয়েটিনিন পরীক্ষা এবং সকলের জন্য রক্তচাপ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সব মিলিয়ে কমপক্ষে ৫শ’ জনকে এ সেবার আওতায় আনা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে এ সেবা দেওয়া হয়। সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ হুজ্জাতুল ইসলাম পলাশের তত্ত্বাবধানে মেডিকেল প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ শিক্ষার্থীর সংগঠনের উদ্যোগে স্কুল মাঠে দিনব্যাপী নানামুখী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল ১৭ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, “দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ” শীর্ষক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা এবং শ্রীপুর উপজেলায় প্রথম স্কুল ভিত্তিক স্বাস্থ্য সেবা বিষয়ক কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন উপজেলার এমসি বাজার এলাকার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় বনাম সিংগারদিঘী দীঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইএসআর এর সদস্য প্রভাষক শেখ কামাল হোসেন জানান, সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারা তাদের ওই বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘন্টা এ কার্যক্রম চলবে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে একজন চিকিৎসকের মাধ্যমে এ কার্যক্রম চলমান থাকবে। কার্যক্রমটি উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। স্যার সলিমুল্লাহ মেডকেল কলেজের ইনডোর মেডিকেল অফিসার এবং অত্র বিদ্যালয়ের সভাপতি ডাঃ হুজ্জাতুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও শরিফুল শিপু এবং খন্দকার মোস্তাক আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল ড. সেলিম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাঃ শফিকুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ফজলুল হক, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষিয়ক সম্পাদক মাসুদ রানা, মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম মোড়ল শামীম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাষ্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

