ঢাকাThursday , 20 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন পর আকাশে দেখা মিলেছে চিলের

Link Copied!

দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ের আকাশে দেখা মিলেছে চিলের। শহরের মুন্সী পাড়া, রামদ্বারা ও টাঙ্গন নদীর সংযোগস্থলে সম্প্রতি বেশ কিছু চিলকে উড়তে ও গাছের মগডালে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ৪০ থেকে ৪৫ বছর ধরে এই এলাকায় চিলের দেখা মেলেনি, তবে গত ৪-৫বছর ধরে আবারও তারা ফিরে এসেছে। মুন্সী পাড়ার বাসিন্দা তাহেরুল ইসলাম জানান, আমার বাড়ির পাশে বড় একটি মেহগনি গাছে হঠাৎ বেশ কয়েকটি চিল দেখতে পাই। এটি সত্যিই অবাক করার মতো বিষয় কারণ আগে এই এলাকায় চিল দেখা যেত না। স্থানীয় আরেক বাসিন্দা বেলাল হোসেন বলেন, আমাদের এলাকার মোবাইল ফোন টাওয়ারে প্রতিদিন সকাল, দুপুর ও বিকালে চিল দেখা যায়। তারা সেখানে বসে বিশ্রাম নেয় এবং খাবারের সন্ধানে উড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, চিল মূলত ঈগল গোত্রের একটি পাখি, যা সাধারণত খোলা আকাশে উড়ে বেড়ায় এবং মৃত প্রাণী কিংবা ছোটখাটো শিকার খেয়ে জীবনধারণ করে। শহরের পরিবেশগত পরিবর্তনের কারণে একসময় এই পাখিগুলো কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আবহাওয়া এবং খাদ্যের প্রাপ্যতা বাড়ায় তারা আবার ফিরে আসতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা চিল ফিরে আসায় আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এটি প্রকৃতির ভারসাম্য বজায় রাখার একটি ইতিবাচক দিক। তারা আশা করছেন, ঠাকুরগাঁওয়ের আকাশে চিলের ডানা মেলা আগামীতেও অব্যাহত থাকবে।