ছাত্র-জনতার আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা যথাযথ না থাকায় দলটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল। তিনি জানান, গত ১৭ আগস্ট দলের চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে তিনি এসব তথ্য জানিয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘২০২৪ সালের ২০ জুলাই আমি ব্যাবসায়িক প্রয়োজনে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করি। লন্ডনে অবস্থানকালীন সময়ে বাংলাদেশে কোটা সংস্কারের লক্ষ্যে ছাত্রসমাজের ১ জুলাই ২০২৪ থেকে ৪ দফা দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে পরিচালিত ন্যায্য আন্দোলনে পূর্ণ সমর্থন ব্যক্ত করি। সদ্য ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার এই আন্দোলন প্রতিহত করার জন্য সরকারের অনুগত পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে স্মরণকালের ভয়াবহ গণহত্যা সংঘটিত করে। পূর্বে এ দেশে কোনো আন্দোলনে এ ধরনের গণহত্যা সংঘটিত হয়নি মন্তব্য করে তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘তৎকালীন সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। দলের একজন দায়িত্বশীল সদস্য হয়ে আমি এ দায় এড়াতে পারি না। একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমার পক্ষে ফ্যাসিবাদী সরকারের অনুগত বাহিনীর নির্বিচারে গুলি চালিয়ে নিরস্ত্র এবং নিরপরাধ মানুষ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এই ঘৃণ্য অপরাধের প্রতি ধিক্কার জানিয়ে আমি জাতীয় পার্টির সব দলীয় পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল বলেন, ‘এখন আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই। আমি আমার ব্যবসা ও পত্রিকা নিয়ে থাকতে চাই। আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা নেই।’

