নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়া যদি আইনের শাসনের কাছে আত্মসমর্পণ না করেন, তবে অবশ্যই তাকে গ্রেপ্তার হতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাইঞ্জে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
মেনন বলেন, ‘নিরাপত্তার অজুহাত দেখিয়ে খালেদা জিয়া আইন অমান্য করেছেন। তাই তিনি কোর্টে যাচ্ছেন না। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য আপনারাই (বিএনপি) দায়ী।’
খালেদা জিয়া হিন্দু পুরাণের রাক্ষসীদের মতো আজকে দেশকে ধ্বংস করে দিচ্ছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমেই এই রাক্ষসকে বধ করে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। যে সব মানুষ বিএনপি-জামায়াতের বোমা হামলায় নিহত ও আহত হয়েছেন, তাদের মানবাধিকার আমাদের নিশ্চিত করতে হবে। প্রয়োজনে এসব অপকর্মের হুকুমদাতা খালেদাকেও বিচারের মুখোমুখি করে মৃত্যুদণ্ডের দাবি জানাতে হবে। এজন্য খালেদাকে জবাবদিহি করতে হবে।’
বিএনপিকে আগামী নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে উল্লেখ করে মেনন বলেন, ‘এখন আপনাদের তড়িঘরি করে কোনো লাভ নেই। নির্বাচনের জন্য খালেদা ও তার জোটকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তখন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এখন আর নয়।’
তিনি আরো বলেন, ‘যুদ্ধাপরাধীদের রায় ইতোমধ্যেই কার্যকর হয়েছে। বাকিগুলোর রায়ও কার্যকর করা হবে। বেগম জিয়া এই রায় কার্যকরে বাধা দিতেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. বদিউজ্জমান ভুঁইয়া ডাবলু, ডা. মো. হুমায়ুন কবির, মো. কামাল হোসেন প্রমুখ।

