নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে বিএনপির বড় নেতারাও অংশগ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিএনপি জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, ‘ডিসিসি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও তাদের দলের বড় নেতারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে তাদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আমরাও তাদের আহ্বান জানিয়েছি, আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করুন।’
খালেদা জিয়ার বিচার দাবি করে তিনি বলেন,‘ খালেদা জিয়া আদালতের আইন ভঙ্গ করেছেন। তিনি আদালতে হাজির না হয়ে আরাফাত রহমান কোকোর ৪০ দিন উপলক্ষে মিলাদের নামে ভন্ডামি করেছেন। অবরোধের নামে সহিংসতা চালিয়ে তিনি ‘কুইন অব টেরর অ্যান্ড হরর’ এ পরিণত হয়েছেন। তাই সাধারণ জনগণের প্রত্যাশা খালেদা জিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘সম্প্রতি খালেদা জিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। তারা আন্দোলনের নামে নাশকতা সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তার প্রতি। কিন্তু তিনি সহিংসতা অব্যাহত রেখেছেন। এমন কি গতকালকেও বিএনপি-জামায়াতের পেট্রোলবোমা বাহিনী ১৪ দলের সমাবেশে বোমা হামলা করেছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাংসদ সদস্য হাজী মো. সেলিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

