নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উৎপাদিত উন্নত মানসম্পন্ন দেশি ও তোষা পাটবীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। দেশি পাট বীজের মূল্য ১০০০ গ্রামের প্রতি প্যাকেট ১৪৭ টাকা, তোষা পাট বীজের সকল জাতের মূল্য ৭৫৫ গ্রামের প্রতি প্যাকেট ১১০ টাকা ও তোষা পাট বীজের সকল জাতের ক্যারিওভার বীজের মূল্য ৭৭৫ গ্রামের প্রতি প্যাকেট ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিএডিসি’র অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিতরণ) মো. শাহনেওয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষকরা দেশের ৪২টি জেলা ও ৩৬টি উপজেলা বীজ বিক্রয় কেন্দ্র এবং বিএডিসি’র অনুমোদিত বীজ ডিলার, ২২টি আঞ্চলিক বীজ গুদাম ও ২২টি জেলা ট্রানজিট বীজ বিক্রয় কেন্দ্র থেকে দেশি ও তোষা পাট বীজ ক্রয় করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য বিএডিসি’র নিকটবর্তী অঞ্চলের উপ-পরিচালক (বীজ বিপণন) অথবা জেলায় নিয়োজিত বিএডিসি’র সিনিয়র সহকারি পরিচালকের (বীজ বিপণন) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

