বাগেরহাটের মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বহরবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ঘষিয়াখালী গ্রামের আমিনুল ইসলাম খোকার বসতঘরটি পুড়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয়রা অনেক চেষ্টা করেও কোন মালামাল রক্ষা করতে পারেননি। এতে আমিনুল ইসলামের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। আমিনুল ইসলাম বলেন, ২০ বিঘা জমির একটি ঘেরের পানি ওঠানামা করানো নিয়ে বিরোধ ও স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে প্রতিপক্ষের লোকেরা পরিকল্পিতভাবে তার ঘরটি পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক কেএম শওকত হোসেন বলেন, শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

