গত মঙ্গলবার রাতে এক অভিযানে যশোরের অভয়নগরে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র ও মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় উপজেলার একতারপুর গ্রামের মনিরুজ্জামান ফকিরের ছেলে নুরুজ্জামান রিপনকে একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড তাজা বুলেটসহ এবং তালতলা গ্রামের আব্দুস সবুর সরদারের ছেলে এনামুল হাসান ইমনকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্প জানতে পারে এক ব্যক্তির বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার একতারপুর গ্রামে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টিম। এ সময় নুরুজ্জামান রিপনকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড তাজা বুলেট এবং ২টি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অপরদিকে অভয়নগর আর্মি ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তালতলা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় ৩ শত ৬৮ পিস ইয়াবা, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল যৌন উত্তেজক ওষুধসহ এনামুল হাসান ইমনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। পরে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমাদুল করিম বলেন, অস্ত্র ও মাদকসহ ২ জনকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে অভয়নগর আর্মি ক্যাম্পের একটি টিম। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মাদক ও অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

