খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার দিনব্যাপী নগরীর খালিশপুর এলাকার সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণসহ অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ করার পাশাপাশি জরিমানাও আদায় করা হয়। অবৈধ দখল অপসারণকালে নগরীর ৯নং ওয়ার্ডস্থ আবু নাসের লিংক রোডের পুরাতন মালামাল ব্যবসায়ী নান্নু হাওলাদারকে সড়ক ও ফুটপথের উপর মালামাল রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা, একই অপরাধে হাবিবকে ৩ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় মুদি ব্যবসায়ী জাহিদ হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক অর্থ আদায় করা হয়। এছাড়া বাস্তুহারা কলোনী এলাকার ড্রেন সংলগ্ন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করার পাশাপাশি অন্যান্য অবৈধ স্থাপনাসমূহ নিজ উদ্যোগে ১ দিনের মধ্যে অপসারণের সময় বেঁধে দেয়া হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপির পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

