নিজস্ব প্রতিবেদক : ছেলে আরাফাত রহমান কোকোর চল্লিশা উপলক্ষে আয়োজিত কোরাআন খতম ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার সকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া তার কক্ষে থেকেই কোরাআন তেলাওয়াতে অংশ নেন বলে জানিয়েছেন তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান।
তিনি বলেন, ‘বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কোরাআন খতম শুরু হয়। ম্যাডাম তার রুম থেকে সেই কোরাআন তেলাওয়াতে অংশ নেন। আজ বুধবার বাদ আসর অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।’
একই সঙ্গে তিনি জানান, সারাদেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা তাদের অবস্থানে থেকে কর্মসূচি বা সময় অনুয়ায়ী কোরাআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
এদিকে কোকোর চল্লিশা উপলক্ষে কোরাআন খতম দিতে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে সকালে প্রবেশ করেনে বাড্ডা আজিজিয়া মাদরাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ছয় হাফেজ।
এরপর বেলা সাড়ে তিনটায় আরো চারজন হাফেজ গুলশান কার্যালয়ে প্রবেশ করে। তারা হলেন-কারী মো. আসাদুজ্জামান, মাওলানা মাহমুদুল্লাহ হাসান শামীম, মাওলানা আশরাফ ও মো. ইমাম আলী।
সাড়ে তিনটার সময়
গত ৩ জানুয়ারি থেকে গুলশানের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে দলীয় সঙ্গীদের নিয়ে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। তখন থেকে সেখানে অনেকটা অবরুদ্ধ রয়েছেন তিনি। বাইরের কাউকে ভেতরে ঢুকতে এবং ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।
গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা দেখা করার পর আজ বুধবার ৬ হাফেজকে খালেদার কার্যালয়ে ঢুকতে দেয়া হয়েছে। কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার লোকজন ৬ হাফেজের নাম ঠিকানা লিখে রেখে কার্যালয়ে প্রবেশের অনুমতি দেয়।

