গত ২৮ অক্টোবর খুলনা নগরীর দৌলতপুর থানার কালীবাড়ি বাজারে দিনে দুপুরে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়। ঐদিন দুপুরের দিকে একদল ডাকাত একটি প্রাইভেটকারে (কেএমপি) খুলনার দৌলতপুরে অবস্থিত দত্ত জুয়েলার্সের সামনে এসে পিস্তল, চাপাতি ও অন্যান্য দেশি অস্ত্রের মুখে দোকান মালিককে জিম্মি করে দোকানের ট্রেতে রক্ষিত স্বর্ণের কানের দুল, আংটি, গলার চেইন ও অন্যান্য তৈরিকৃত স্বর্ণালংকারসহ প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার যার অনুমানিক মূল্য ৪০ টাকা এবং আনুমানিক ২ লক্ষ টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ডাকাতির সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ৪নং ওয়ার্ডের একটি বাড়ি হতে আসামী মোসাঃ কহিনুর বেগম, স্বামী-আব্দুল আজিজ হাওলাদার, সাং-দূর্গকাঠি, নেছারাবাদ, স্বরুপকাঠি পল্লি, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুর এবং শাহারিন সুলতানা, স্বামী-আব্দুল জলিল, সাং-দক্ষিণ হোসনাবাদ, থানা-বেতাগি, জেলা-বরগুনাদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদের হেফাজত হতে নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা, স্বর্ণের নাকফুল ৪৯ পিস, ৩ টি এন্ড্রুয়েড মোবাইল ও ২ টি বাটন মোবাইল উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে কেএমপির দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

