জয়পুরহাটে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সরকারি পুকুরের মাছ ছাড়া নিয়ে ১২ জন আহত হয়েছেন। গত ১ নভেম্বর শুক্রবার সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া কোচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সপার মুহাম্মদ আবদুল ওয়াহাব। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, কোচপাড়া এলাকায় একটি সরকারি পুকুর রয়েছে। ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন কয়েকবছর ধরে একটি সমিতির নামে ওই পুকুরটি ইজারা নিয়েছিল। ১৪৩০ সন পর্যন্ত তাদের ইজারা ছিল। ওই পুকুরটি আগে পার্শ্ববর্তী জিতারপুর গ্রামের মওলা, মিস্টার, কাসেমসহ তাদের পক্ষ মাছ চাষ করতেন। পুকুরটি নিয়ে আদালতে একটি মামলায় চলমান থাকায় ১৪৩১ সাল থেকে কেউ ইজারা পায়নি। এদিকে, ইজারা না থাকার সত্ত্বেও মওলা, মিস্টার, কাসেমসহ তাদের পক্ষ ওই পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় রাজেন নামের একজন মাছ ছাড়তে নিষেধ করলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন ও অপরপক্ষের ২ জন আহত হন। এ সময় সেখানে থাকা দুটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘এটা কোনো হিন্দু-মুসলিম সম্প্রদায়ের বিরোধ নয়। এটা পুকুর নিয়ে বিরোধ। এরই জের ধরে মারামারি হয়েছে। তারা হাসপাতালে অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা হওয়ার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

