বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রের সংস্কারকও। তিনি এদেশকে বিনির্মাণ করেছেন। আর তার হাত ধরেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের মুল্যায়ন করেছেন। আর তাদেরই উত্তরাধিকারী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশে আমরা আগামীতে সুখি-সমৃদ্ধিশালী এবং মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলবো। মোংলা ও রামপালের নির্যাতিত, বঞ্চিত, অসহায় মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বুধবার বিকেলে মোংলার দিগরাজ সার্বজনীন মন্দির মাঠে মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ২২জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা এবং ৩৩জনকে অর্থ সহায়তা প্রদাণ করেন কেন্দ্রীয় বিএনপি নেতা শামীম। এছাড়াও এ সময় তিনি দুইটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদাণ করেন। মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম,ডি আকবর আজাদ, মোংলা পৌর বিএনপি নেতা এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, ইমান হোসেন, মোংলা পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য নুর উদ্দিন টুটুল ও রামপাল উপজেলা জিয়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সভাপতি ইমরান হোসেন রকি।

