খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী নগরীতে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপথ দখলকারীদের অপসারণ ও জরিমানা করা হয়। অবৈধ দখল অপসারণকালে নগরীর সাত রাস্তার মোড়স্থ হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদার এবং চা বিক্রেতা আনোয়ার হোসেনকে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ৩ হাজার ও ২ হাজার টাকা, ময়লাপোতা মোড়স্থ বনানী ফার্ণিচারের স্বত্ত্বাধিকারী বিমল মন্ডলকে ফুটপথের উপর কাঠ রাখার অপরাধে ১০ হাজার টাকা এবং সড়ক ও ফুটপথের উপর কাঠের গুড়ি রেখে মাংস ব্যবসা পরিচালনার অপরাধে মাংস ব্যবসায়ী মুন্নাকে ৫ হাজার, শফিকুল ইসলামকে ৫ হাজার, রাজু হোসেনকে ২ হাজার ৫’শ এবং মিঠু কুরাইশীকে ২ হাজার ৫’শ টাকা, শেরে বাংলা রোডে ফুটপথের উপর মটর সাইকেল মেরামত করার অপরাধে গ্যারেজ মালিক রবিউল ইসলামকে ২ হাজার টাকা, ড্রেনের উপর ফ্রিজ রাখার অপরাধে মুদি ব্যবসায়ী মনির হোসেনকে ২ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় মুদি ব্যবসায়ী মো: ফারুককে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপির পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

