যশোরের অভয়নগরে প্রতিপক্ষের হামলায় আমিন উদ্দিন বয়াতী (৭৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে। নিহত আমিন উদ্দিন মোড়ল বারান্দি গ্রাামের মৃত জামেদ আলী মোড়লের ছোট ছেলে। তিনি অবসর জীবন যাপন করতেন বলে জানা গেছে। নিহতের ছোট ছেলে শাহনেওয়াজ মোড়ল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বারান্দি গ্রামের মোবারেক মোড়লের ছেলে আরিফুল মোড়ল কবুতর চুরি করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসে। এসময় হাতেনাতে ধরে ফেললে সে চিৎকার শুরু করে। একপর্যায়ে তার চাচা মিজানুর মোড়ল ও তার স্ত্রী মৌসুমী বেগম দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এলাকাবাসীর সহযোগিতায় আমরা রক্ষা পেলেও আমার বৃদ্ধ বাবাকে একা পেয়ে আরিফুল মোড়ল (২৫), মিজানুর মোড়ল (৪০), মৌসুমী বেগম (৩৫), হাবিবা খাতুন (২০) ও ইশারাত মোড়ল (৫০) বুকে ও পিঠে আঘাত করে। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসীর সহযোগিতায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম বলেন, আমিন উদ্দিন নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম বলেন, মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

