সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর ও ইন্দুরকানী) আসনের সাবেক এমপি শ. ম রেজাউল করিম তার ২ ভাইসহ ৪০ জনের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বুধবার রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খান বাদী হয়ে মামলাটি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ আল ফরিদ ভূইয়া। মামলায় শ ম রেজাউল করিমের ছোট ভাই এস এম নূরে আলম সিদ্দিকী শাহিন, মেজ ভাই মো. নজরুল ইসলাম বাবুল শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস, সাধারণ সম্পাদক আল আমিন, যুবলীগের সাধারণ সস্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসসহ ৪০ জনের নামে এবং আরও ১৫০-১৬০ জনকে অজ্ঞাত করে এ মামলা করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগষ্ট দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা পালিত হয়। বিকেল আনুমানিক ৬ টার সময় ষড়যন্ত্রমূলক পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১ নং আসামী শ ম রেজাউল করিমের হুকুমে এবং ২,৪,৫,৩৯ নং আসামীর নেতৃত্বে আসামীগন পরস্পর যোগাযোগে রামদা, শাবল, লাঠি, লোহর রড, চাইনিজ কুড়াল নিয়া তালা ভেঙ্গে বিএনপি অফিসে প্রবেশ করে অফিস ভাঙ্গচুর, মালামাল লুট করে এবং জীবন বিপন্নকারী ককটেল বিস্ফোরিত হয়। উক্ত ঘটনায় নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালসহ প্রায় ২ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন।

