ঢাকাSunday , 20 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীত আসার আগেই নকল প্রসাধনীতে সয়লাব খুলনার বাজার

খুলনা ব্যুরো
October 20, 2024 9:14 pm
Link Copied!

খুলনা মহানগরীতে বিভিন্ন দোকানে দেশি বিদেশী নামি দামী ব্রান্ডের প্রসাধনী কিনে প্রতারণার শিকার হচ্ছেন সাধারন ক্রেতারা। খুলনা ডাকবাংলা বড় বাজারের বিভিন্ন মার্কেটে কসমেটিক্স দোকানগুলোতে এখন শোভা পাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস পণ্য। দেশি পণ্যের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডের কসমেটিকসের দিকে বেশি ঝুঁকছে সাধারণ মানুষ। খুলনার বাজারের দোকানগুলোতে এখন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে চাহিদা অনুযায়ী এসব ব্র্যান্ডের কসমেটিকস। তবে সহজ লভ্যে পাওয়া এসব প্রসাধনীর অধিকাংশই নকল। কয়েকটি অসাধু ব্যবসায়ী আসল ব্র্যান্ডের নামে নকল পণ্য বাজারে সরবরাহ করছে বলে অভিযোগ পাওয়া গেছে । এসব নকল পণ্য কিনে খুলনার মানুষ প্রতিনিয়ত আর্থিকভাবে প্রতারিত হওয়ার পাশাপাশি পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে। খুলনা মহানগরীতে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের তেল, সাবান, শ্যাম্পু, মেহেদি, লিপস্টিক, নেইল পলিশ, লোশন, ক্রিম, ভ্যাসলিন, বডি স্প্রেসহ আরও অনেক ধরনের প্রসাধন সামগ্রীতে ভরা খুলনার ছোট বড় দোকানগুলো। ভোক্তাদের বিপুল চাহিদাকে পুঁজি করে খুলনার বাজারগুলোতে কতিপয় অসাধু ব্যবসায়ী নকল ও মানহীন প্রসাধন সামগ্রী বাজারজাত করছে। অনৈতিক মুনাফা হাতিয়ে নেয়ার পাশাপাশি তারা শিশুসহ সব বয়সী মানুষকে ঠেলে দিচ্ছে নানারকম ক্ষতির মুখে। ফুটপাত থেকে শুরু করে স্থানীয় বাজারের দোকানগুলোয় এসব ভেজাল ও নকল সামগ্রী সরবরাহ করা হচ্ছে। আবার প্রান্তিক পর্যায়ে ফেরি করেও বিক্রি করা হচ্ছে ক্ষতিকর এসব প্রসাধনী। শীতকালে নকলবাজদের অপকর্মের মাত্রা যেন অনেকটাই বেড়ে যায়। সাধারণ ক্রেতারা সরল বিশ্বাস এবং অজ্ঞতার ফলে এসব নকল ও মানহীন প্রসাধন সামগ্রী কিনে আর্থিক ক্ষতির পাশাপাশি ত্বকের ক্ষতির শিকার হচ্ছে। মুখ, হাত ও পায়ের চামড়ায় ক্ষত, পুড়ে যাওয়া, চুলকানি, চুল পড়ে যাওয়াসহ নানা ধরনের শারীরিক ক্ষতি হচ্ছে মানহীন নকল প্রসাধন সামগ্রী ব্যবহার করে। আসল নামে তৈরিকৃত এসব নকল পণ্য খুবই সুলভ মূল্যে বাজারে ছেড়ে দেওয়া হয়। সাধারণ মানুষের পক্ষে এগুলোর আসল-নকল বোঝা কঠিন। মানুষ এগুলো আসল ভেবে কিনে প্রতারিত হচ্ছে। আসল বডি স্প্রের সেন্টের কাছাকাছি সেন্ট ব্যবহার করায় সাধারণ মানুষ আসল-নকল বুঝতে পারে না। অনুসন্ধানে জানা যায়, এ সকল কসমেটিক্স সামগ্রী ঢাকার চকবাজার থেকে আনা হয়। দেশের বিভিন্ন কোম্পানী ও বিদেশী নামকরা কোম্পানীর পণ্য হুবহু নাম অথবা নামে একটি অক্ষর পরিবর্তন করে থাকে যেমন, মেরিলে অনুকরণ মারিল, মেরিট, মরিল, মোরিন। জুঁই নারকেল তেলের অনুকরণ জুহি, জুন, তিব্বতের অনুকরণ বিব্বাত, তিবত। এ্যারোমটিকের অনুকরণ এ্যারোমা, এ্যারোমেকি, এ্যারোমেরিট ইত্যাদি। বিদেশী পণ্যের ক্ষেত্রে খালি কৌটা কিনে নকল পণ্য ঢোকানো হয়। যখন এসব পণ্য দোকানে বিক্রি করা হয় তখন আসল পণ্যের সঙ্গে এগুলোর দামের অনেক পার্থক্য থাকে। অনেকে আসল নকল বুঝতে না পেরে এগুলো ক্রয় করে মানুষ হচ্ছে প্রতারিত। খুলনার বয়রা বাজারে প্রসাধনী কিনতে আসা রাবেয়া আক্তার টুম্পা বলেন, কয়েকদিন আগে বয়রা বাজার থেকে একটি ফেয়ার এন্ড লাভলী কিনি, কিন্তু দোকানদার আমাকে ফেয়ার এন্ড লাডলী দেয়। এটি ব্যবহার করে আমার ত্বকে সমস্যা হয়েছে। অন্য ক্রেতা তারিক বলেন, নকল প্রসাধনী বিক্রির দায়ে জরিমানা টিভিতে দেখতে পাই, কিন্তু কোনটা আসল কোনটা নকল কিভাবে বুঝবো আর তা চেনার কোন উপায় নেই। দোকানদার যেটা ভালো বলে দেন, সেটা আমরা বিশ্বাস করে কিনি। নাম প্রকাশ না করা শর্তে দৌলতপুর বাজারের এক কসমেটিক্স ব্যবসায়ী বলেন, প্রতিটি পণ্যের গায়ে বারকোট লাগানো থাকার কথা, বারকোটও থাকে, কিন্তু এগুলো স্ক্যান করলে পণ্য সর্ম্পকিত তথ্য পাওয়া যায় না। আমরাও চাই বাজার থেকে নকল প্রসাধনী উঠে যাক। ক্রেতাদের কষ্টের টাকায় ভালোকিছু পেলে আমরা খুশি। নকল প্রসাধনী ব্যবহারে থাকে স্বাস্থ্য ঝুঁকি। নকল প্রসাধনী ব্যবহারের ফলে চর্মরোগ বেশি হয় এবং নকল প্রসাধনী যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় তাহলে ক্যান্সারের মত বড় ধরনের রোগও হতে পারে। কসমেটিক্স ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক ও সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করেছেন খুলনার সচেতন মহল ।