জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষের ঐতিহ্যবাহী লাঠি খেলার মেলা অনুষ্ঠিত হয়েছে। (১৫ই আগস্ট) দিনব্যাপী ঢাকঢোল বাজিয়ে ঢাকের তালে তালে ঐতিহ্যবাহী এ লাঠি খেলার মেলা অনুষ্ঠিত হয়। জানা গেছে, ঐতিহ্যবাহী শতবর্ষের এ লাঠি খেলার মেলা দেখতে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান হতে হাজার হাজার নানা বয়সী নারী-পুরুষ ভীড় জমায়। মেলার দিন সকাল থেকে ঢাকঢোল বাজিয়ে আশেপাশের কয়েক গ্রাম জুড়ে লাঠি খেলোয়াররা তাদের খেলা দেখায়। দেওগ্রামের ৮০ বয়সী বৃদ্ধ আঃ ছামাদ মন্ডল বলেন, ছোট বেলায় প্রবীণদের কাছ থেকে এই মেলা বসার গল্প শুনেছি এবং লাঠি খেলা দেখছি। এই মেলা দেখা উপলক্ষে নিজ গ্রামসহ আশেপাশের গ্রামগুলোতে মেয়ে-জামায়সহ আত্মীয়-স্বজনরা মেলা বসার আগেই বেড়াতে আসে। ওই মেলায় দেওগ্রামের দেলোয়ার হোসেন মানিক মন্ডল শাহরিয়ার ইসলাম, আরামান একরামন মন্ডলসহ আরো অনেকে নিয়মিত লাঠি খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে থাকেন। মেলায় সাংসারিক ও কৃষি কাজে ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয়, দা, কোদাল, রকমারি জিনিসপত্রসহ বিভিন্ন মিষ্টান্ন ও প্রসাধনী সামগ্রীর দোকান বসে। মামুদপুর ইউপি প্যানেলের চেয়ারম্যান মিলন মন্ডল বলেন, পূর্ব পুরুষরা ঐতিহ্যবাহী এ মেলার বসার আয়োজন করেছিলেন। সেই ঐতিহ্যবাহী বজায় রাখতে নতুন প্রজন্ম এ মেলার আয়োজন করে থাকে। মেলাটি মূলত দিনব্যাপী হলেও এর আনন্দ থাকে কয়েক দিন।

