ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে সহোদরসহ ২৬ জন গ্রেপ্তার হয়েছে। যৌথবাহিনী ও পুলিশ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৩টি দেশীয় অস্ত্র, বিভিন্ন মাদকসহ বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে সজীব মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। আখাউড়ায় মালদারপাড়া এলাকার পলাশ ভূঁইয়া ও শিমুল ভূঁইয়া নামে সহোদরকে বাড়ি দখল চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া পরোয়ানাভুক্ত আরো পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, ডাকাতির প্রস্তুতিকালে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধারাভাঙ্গা গ্রাম থেকে মো. আরমান, কাজী তারেক, আমজাদ হোসেন, সাজ্জাদ মনা, আশরাফুল ইসলাম হিমেল ও আবু সাঈদ নামে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৭ টি কার্তুজ ও দুটি দা উদ্ধার করা হয়। অপরদিকে, আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ খায়রুল ইসলাম ও রিপন নামে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ১১ কেজি গাঁজাসহ কসবায় জসিম উদ্দিন, এমরান, হনুফা, খোদেজা নামে ৪ জন গ্রেপ্তার হয়েছে। সেইসঙ্গে আখাউড়া থানা পুলিশের অভিযানে উপজেলার আজমপুর এলাকা থেকে থেকে ৪০০ পিস ইয়াবাসহ মায়া প্রকাশ রশিদা ও আসমা বেগম নামে ২ জন গ্রেপ্তার হয়। বিজয়নগর উপজেলার বিষ্ণুপুরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১১৮ বোতল ইস্কফ সিরাপ নাঈমকে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে সদর উপজেলার খাঁটিহাতা থেকে ৪ কেজি গাঁজাসহ হারুণ মল্লিক ও জাহাঙ্গীর নামে ২ জনকে গ্রেপ্তার করে। এছাড়া সরাইল থানা পুলিশের হাতে ১০৩ পিস ইয়াবাসহ সোহাগ মিয়া নামে একজন গ্রেপ্তার হয়।

