নারায়নগঞ্জের বন্দরের মদনপুর ইউনিয়নের দেয়ানবাগে পূর্ব শত্রুতার জের ধরে রাজিব (৩২) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। বুধবার ( ৯ অক্টোবর) দিবাগত রাত ৮টায় বন্দরের মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ পাকা ব্রীজের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত রাজিব ওই এলাকার হোসেন মাদবরের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়নগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকার হোসেন মাদবরের ছেলে রাজিবের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার ছোটবাগ এলাকার আয়াত ও মিরাজের সাথপ দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে বুধবার দিবাগত রাত ৮টায় রাজিব মদনপুর বাসস্ট্যান্ড হতে তার বাড়িতে যাচ্ছিল। পথে স্থানীয় পাকা ব্রীজের সামনে গেলে,তার গতি পথরোধ করে সন্ত্রাসী আয়াত ও মিরাজ সহ ৭/৮ সন্ত্রাসী। ওই সময় কিছু বুঝে ওঠার আগেই আয়াত-মিরাজ বাহিনী তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রাজিবকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। আহত রাজিবের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় । এলাকাবাসী রাজিবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মদনপুর বারাকাহ হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার রাজিবকে মৃত ঘোষণা করেন। রাজিবের মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আয়াত ও মিরাজ বাহিনীর ৩টি ঘরে আগুনে পুড়িয়ে দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

