কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৩ টি বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান। তিনি বলেন, বেশ কিছু দিন ধরে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের মৌলভী মনির ও তার সহকারীরা স্থানীয় জনগন ও জনসাধারণদের জিম্মি করে জোরপূর্বক জমি দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপর্কম মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল বলে জানা যায়। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, র্যাব সিপিসি-০১ এবং টেকনাফ পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন কাটাবুনীয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভী মনির আহমেদ , সোহেল এবং জিয়াউল ইসলামকে ২৩ টি বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

