মণিরামপুরের পূর্বাঞ্চল জলাবন্ধতা হলেও এবার সনাতন সম্প্রদায় উপজেলার ৯০টি মন্দিরে শারদীয় দূর্গোৎসব পালন করছে। বুধবার ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা। ১৩ অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তবে নানাবিধ সমস্যা ও পানি বন্দির কারণে গত বারের চেয়ে এবার ১১টি মন্ডপে দূর্গাপূজা হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলশী বসু। জানা গেছে, নানাবিধ সমস্যা ও কয়েকটি এলাকায় মন্ডপে পানি বন্দি থাকার পরও এবার মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় ৯০টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সরেজমিনে, উপজেলার কুলটিয়া মশিয়াহাটিসহ চিনাটোলা বাজার, শ্যামনগর, নেহালপুর এলাকার একাধিক মন্দিরে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শেষ মুহূর্তের প্রতিমা তৈরির রঙ-তুলি ও সাজসজ্জার প্রস্তুতি। শিল্পী ও কারিগরদের নিপুণ হাতের তৈরি প্রতিমায় চলছে রংসহ অলঙ্কার পরানোর কাজ। প্রতিমা তৈরির কারিগর শ্রী ননী গোপাল জানান, দুর্গাপূজা এলে তাদের কাজ বেড়ে যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও তাদের কাজ বেড়েছে। রাত-দিন পরিশ্রম করে প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের সামনে সঠিক সময়ে সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে তাদের সার্থকতা। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ার আগের মতো তাদের লাভ হয় না বলে জানান তারা।

