ভোলার দৌলতখানে নৌবাহিনীর সহযোগিতায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার চরখলিফা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে নৌবাহিনী।নৌবাহিনীর টিম ঘটনাস্থলে আসার পর উপস্থিত কয়েকজন কার্ডধারী জেলে চাল না পাওয়ার অভিযোগ করেন। নৌবাহিনীর লেফটেন্যান্ট শফিক অভিযোগের বিষয় ইউপি চেয়ারম্যান শামীম হোসেন অমির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ইউনিয়নে মোট ৩ হাজার ২শত জন কার্ডধারী জেলে রয়েছে।এবার আমাদের বরাদ্দ ১৫’শ জেলের। আমরা গভীর সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের মাঝে এই চাল বিতরণ করছি। যারা এই পর্বের তালিকায় নেই তারা এসে গোলযোগ করছে।তিনি আরো বলেন, যারা এবার পাচ্ছে না, তারা কিছুদিন পর পরবর্তী ট্রিপে পাবে। এ সময় নৌবাহিনীর লেফটেন্যান্ট শফিক বলেন, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিনে এসেছি।সরেজমিনে এসে সার্বিক তদন্ত, কাগজপত্র ও গোডাউন চেক করে দেখতে পেলাম এখানে কোনো অনিয়ম হচ্ছে না।তিনি আরো জানান, চেয়ারম্যান আমাকে আশ্বস্ত করেছেন চাল বিতরণে কোনো অনিয়ম হবে না এবং এবার যারা পাচ্ছে না তারা আগামী পর্বে পাবে। পরে নৌবাহিনীর উপস্থিতিতে চাল বিতরণ শুরু হয়।

