৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই খুলনায় অনেকটা নিষ্ক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সুযোগে মাদক বিক্রেতারা হরদম তাদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকে প্রকাশ্যেই খুলনায় আসছে মাদকের চালান। অনেকটা খোলামেলা ভাবেই বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল। নগরীতে চোরাই মদও বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই প্রকাশ্যে বেড়েছে মাদকের বিস্তার। সরেজমিন দেখা যায়, ৫ আগস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম শিথিল থাকার সুযোগ নিয়ে অনেকটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক। নগরীর আরামবাগ, বানরগাতী, পশ্চিম বানিয়াখামার, বসুপাড়া, গল্লামারী লায়ন্স স্কুল সংলগ্ন, ক্লাবের মোড়, বাঁশতলা, আযাদ লন্ডির মোড়সহ প্রায় অর্ধশত স্পটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা ও গাঁজা। এ ছাড়া মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পাওয়া যাচ্ছে ফেনসিডিল। নগরীর ২৫ নং ওয়ার্ড আরামবাগ কৃষ্ণ মোড়ের ফেরদাউস আরা সোনা , নাজমা , মেহেরুন নেসা এবং এদের পিতা সায়েম আলী এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। বানরগাতী মোড় নাপিত সুমন ও মেটেপুল সংলগ্ন একটি চক্র একইভাবে চালিয়ে যাচ্ছে মাদক বাণিজ্য। বসুপাড়া এরশাদ আলী লেন এলাকায় ২৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর টিপুর ডানহাত ফিরোজ চেীধুরী, ফিরোজ ইমাম খান , জিয়াউল মোল্লা, সাজু , রাকিব হোসেন প্রকাশ্যেই বিক্রি করছে গাঁজা ও ইয়াবা। এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর সু- দৃস্টি কামনা করেছেন।

