নড়াইলে সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের আদিবাসীর উপর হামলার প্রতিবাদে সদর থানার এসআই আব্দুল হকের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আদিবাসীরা। বুধবার সকাল ১১ টায় চন্ডিবরপুর ইউনিয়ন আদিবাসী সম্প্রদায়ের আয়োজনে নড়াইল জজ কোর্ট চত্ত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী রমেশ বিশ্বাস,অশোক বিশ্বাসসহ আরো অনেকে। বক্তারা বলেন, চন্ডিবরপুর ইউনিয়নে ২২ জুলাই রাতে আওয়ামী লীগের নেতা ইলিয়াস শেখ নামে একজন হত্যা হয়। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর পুলিশ আমাদের আদবাসী রিপন বিশ্বাসকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে সদর থানার এস আই আব্দুল হক তাকে নির্যাতন করে স্বীকার আদায় করায় সে হত্যার সাথে জড়িত ছিলো। কিন্তু আমরা আদিবাসীরা কেউ ওই হত্যার সাথে জড়িত নয়। মামলার মধ্যে ইচ্ছাকৃতভাবে সদর থানার এসআই আব্দুল হক আদিবাসী রিপনের নাম দিয়ে দেছে। তাই আমাদের দাবি এ মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে আদিবাসীদের হয়রানি করায় এসআই আব্দুল হকের বিচার করতে হবে। জানা গেছে, চন্ডিবরপুর ইউনিয়ন উপ নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরের ২২ জুলাই রাতে চন্ডিবরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহতর স্ত্রী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ২৩ সেপ্টেম্বর মাসের রিপন বিশ্বাস নামে এক আদিবাসীকে গ্রেপ্তার করে পুলিশ।

