অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রামের সন্দীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ শ্যামল কলোনিতে অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দীপ ও কোস্টগার্ডের সদস্যরা। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দীপের চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা পালিয়ে যায়। পরবর্তীতে মাদক সম্রাট রাশেদের বাসায় তল্লাশী চালিয়ে ইয়াবা, ৭ টি দেশীয় অস্ত্র, ৫ টি মোবাইল ফোন ও ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে সন্দীপ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মোবাইল ফোনসমূহ সন্দীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

