নিজস্ব প্রতিবেদক : মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যকাণ্ডে জাতিসংঘের তত্ত্বাবধানে শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। অভিজিৎ রায়ের বাবা অজয় রায়ের অভিযোগ রয়েছে তার ছেলের হত্যাকারীদের মদদ দিয়েছে জামায়াত।
সোমবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে এ আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইতোমধ্যেই আমরা অভিজিতের নির্মম হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আমরা এ ধরনের কর্মকাণ্ড কখনো সমর্থন করি না, তীব্রভাবে ঘৃণা করি। আমাদের বক্তব্যে এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছি। সরকার সেদিকে না গিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। একটি বিশেষ মহল সরকারের এই ষড়যন্ত্রে তাল মিলিয়ে ইন্ধন দিচ্ছে এবং কেউ কেউ রাজনৈতিক বিদ্বেষ প্রসূতভাবে জামায়াতকে ঘায়েল করার উদ্দেশ্যে অসত্য, কুৎসিত বক্তব্য দিয়ে চলেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
আরো বলা হয়, ‘তদন্ত প্রক্রিয়াকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ করার জন্য এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অন্তর্ভূক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করার পাশাপাশি রাজনৈতিক মতলববাজ ও অতি উৎসাহী মহলকে সকল প্রকার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’
গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় লেখক অভিজিৎকে। ওই হামলায় আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

