নিজস্ব প্রতিবেদক : ক্ষমতায় টিকে থাকতে সরকার হিটলারি পন্থা বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গণমাধ্যমের স্বাধীনতা ফিরেয়ে দেয়াসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
এমাজ উদ্দিন বলেন, ‘হিটলার যেমন এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধীদের দমনের জন্য অত্যাচার নিপীরণ চালিয়েছিল তেমনি বর্তমান সরকার বিরোধীদের দমনে হিটলারি পন্থা অবলম্বন করছে।’
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র ১ বছর আগে নিহত হয়েছে। দেশে কথা বলা, চলাফেরার স্বাধীনতা নেই। দেশ যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো একদিন দেখবো দেশের স্বাধীনতাও নেই। কিন্তু এটা আমরা চাই না।’
তিনি আরো বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার নাম করে বর্তমান সরকার দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। হিটলার-মুসোলিনীও এ শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া বর্তমানে কীভাবে আছেন, কেমন আছেন আমরা জানি না। তিনি হয়তো অন্তরীণ বা অবরুদ্ধ অবস্থায় আছেন উল্লেখ করে সাবেক এ উপচার্য বলেন, ‘যে মহিলা (খালেদা জিয়া) স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, তাকে আজ অবরুদ্ধ করে রাখা হয়েছে।’
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকাত মাহমুদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের আহব্বায়ক রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

