ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দলবাজ কর্তাব্যক্তিদের তালিকা করছে বিএনপি

Link Copied!

salah-uddinনিউজ ডেস্ক : র‌্যাব, পুলিশ ও বিজিবির কিছু দলবাজ কর্তাব্যক্তি বিরোধী দলের নেতাকর্মীদের নৃশংস কায়দায় বিচারবহির্ভুতভাবে হত্যা করছে। প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত এই সমস্ত দলবাজ কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রণয়ন অব্যাহত রেখেছে বিএনপি। ক্ষমতায় গেলে এদের আইনের আওতায় এনে বিচার করবে তারা।
শনিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।
তিনি বলেন, বিনা ভোটের অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর সরাসরি হুকুমে র‌্যাব, পুলিশ, বিজিবির কতিপয় দলবাজ সেবাদাস কর্তাব্যক্তি আন্দোলনরত বিরোধী দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নৃশংস কায়দায় ক্রসফায়ারের মাধ্যমে বিচারবহির্ভুতভাবে হত্যা করে সমগ্র দেশকে বধ্যভূমিতে পরিণত করলেও তারা অবৈধ সরকারকে রক্ষা করতে পারবে না। ২০ দলীয় জোটের নেতাকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সর্বত্র ওই সমস্ত দলবাজ পিশাচ কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রণয়ন অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, চলমান আন্দোলন সংগ্রাম কেবল বিএনপি এবং ২০ দলীয় জোটের ক্ষমতায় যাওয়ার লড়াই নয়। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফেরত দেয়ার লড়াই। রাস্তায় কয়েকটি গাড়ি চলাচল দেখে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে তৃপ্তির ঢেকুর তুললেও আন্দোলনে তৃণমূলের ব্যাপক অংশগ্রহণ আওয়ামী সরকারকে সমূলে উৎপাটন করতে বেশি সময়ের প্রয়োজন হবে না।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ছাত্রদল, যুবদলসহ যেসব অসংখ্য নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তারের পর অস্বীকার করছে তাদের সবার তালিকা আমরা সংরক্ষণ করছি। পুলিশ-র‌্যাবের কতিপয় দলকানা সদস্যদের উদ্দেশে বলতে চাই, এই সরকারই শেষ সরকার নয়; অতএব অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতা করে আইনের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবেন না।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুনরায় পুলিশ রিমান্ডে নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শারীরিকভাবে গুরুতর অসুস্থ রিজভীকে হত্যার উদ্দেশ্যেই সরকার গ্রেপ্তারের পর থেকে কারাগারে না নিয়ে ২৯ দিন লাগাতার পুলিশী রিমান্ডে নেয়ার নজিরবিহীন ঘৃণ্য কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, মূলত গোটা রাষ্ট্রের জনগণই আজ পুলিশী রিমান্ডে জীবন যাপন করছে, জাতিকে সেই পুলিশী রিমান্ড থেকে মুক্ত করার জন্য অবিরাম সংগ্রামের কোনো বিকল্প নেই।
ব্লগার অভিজিৎ হত্যার ঘটনার দায় সরকারের ওপর দিয়ে এ বিএনপি নেতা বলেন, বাংলা একাডেমি ও টিএসসির মতো স্থানে নিশ্ছিদ্র পুলিশ বেষ্টনীর মধ্যেও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড প্রমাণ করে এদেশের কোনো নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। আমরা অভিজিৎ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।