নিজস্ব প্রতিবেদক : ১০ দিনের রিমান্ডের দ্বিতীয় দিনেও (শুক্রবার) নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার কাছ থেকে নতুন কোনো তথ্য বরে করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। আদালতে যে বক্তব্য দিয়েছিলেন সে অবস্থানেই অনড় আছেন তিনি।
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মান্না যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে ফোনালাপের কথা স্বীকার করলেও ‘ষড়যন্ত্রের’ ব্যাপারে মুখ খুলছেন না। তিনি আদালতের দেয়া বক্তব্যের মধ্যেই ঘুরপাক খাচ্ছেন। পুলিশের কাছে তার ব্যাপারে ষড়যন্ত্রের অনেক অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে এসব মিলিয়ে দেখা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তাকে ডিবির চৌকস বেশ ক’জন সদস্য জিজ্ঞাসাবাদ করছেন।
এ ব্যাপারে ডিবির এসিডি (উত্তর) মাহফুজুল ইসলাম বলেন, ‘রিমান্ডে তিনি আদালতের দেয়া বক্তব্যই পুলিশকে বলেছেন। মান্না বলেছেন, আমি আগে যা বলেছি তা থেকে এক চুল পরিমাণ নড়ব না। ডিবির দেওয়া খাবারই খাচ্ছেন তিনি। পরিবারের সদস্যদর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি এখনো। মান্না সাহেব দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের আদালতের দেয়া বক্তব্যের সঙ্গে মিল রেখেই কথা বলেছেন।’
এডিসি মাহফুজুল ইসলাম আরো বলেন, ‘মাহমুদুর রহমান মান্নাকে জিজ্ঞাসাবাদে অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ১০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে। প্রথম ও দ্বিতীয় দিনের রিমান্ডে তাকে প্রাথমিকভাবে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যের ব্যাপারে ধীরে ধীরে তার কাছে জানতে চাওয়া হবে।’
উল্লেখ্য, সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে ফোনালাপ গণমাধ্যমে ফাঁস হওয়ার একদিন পর গভীর রাতে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয় মান্নাকে। এর গত ২৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে ধানমণ্ডির স্টার কাবারের সামনে থেকে তাকে আটক করা হয় বলে দাবি করে র্যাব। রাতেই তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয় এবং সেনাবাহিনীর সদস্যদের বিদ্রোহে উসকানি দেয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

