অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আনসারের সমন্বয়করা। আনসারদের চাকরি স্থায়ীকরণের দাবির বিষয়ে সাক্ষাতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবি পূরণে সর্বোচ্চ আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আনসার সদস্যরা।
বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) ও জনসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. রুবেল হোসাইন জানান, আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের কাছে উপস্থাপন করা হলে তিনি দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একই সঙ্গে সব সদস্যকে ধৈর্য ধারণের জন্য আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং তাদের চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেন। এসময় কর্তৃপক্ষকে সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানান। জনসংযোগ কর্মকর্তা রুবেল হোসাইন আরও বলেন, দীর্ঘদিনের এই দাবির পাশাপাশি আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন রেশন প্রদানসহ সম্ভাব্য সব কল্যাণমূলক সুবিধাদি প্রদানের বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সার্বিক স্থায়ীকরণের কার্যক্রমকে বেগবান করার জন্য সমন্বয়করা আনসার ও ভিডিপি সদর দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে সার্বিক অগ্রগতির তথ্য হালনাগাদ করবেন।

