রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ব্যাংকটির ৪ কর্মকর্তাসহ ৫ জন। আহতদের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- ব্যাংক কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকি বিল্লাহ ও গুদামের নিরাপত্তাকর্মী শফিউল্লাহ সরদার। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র জানায়, সকালে ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সোসাইটি’র ব্যানারে কয়েকজন কর্মকর্তা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করার চেষ্টা করছিলেন। এ সময় এস আলম গ্রুপের অধীনে কর্মরত কয়েকজন ব্যাংক কর্মকর্তা তাদের সমাবেশে যেতে বাধা দিলে হাতাহাতি শুরু হয়।
এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে ৫ জন আহত হন। এ ঘটনার পর ব্যাংকে ও এর আশপাশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদকে বারবার চেষ্টা করেও মোবাইল ফোনে পাওয়া যায়নি।

