আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করাটাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এই মুহুর্তে বিএনপির জন্য বড় এখন চ্যালেঞ্জ কী?— এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশে গণতন্ত্র-স্বাধীনতা-সার্বভৌমত্ব কিছুই থাকবে না। সুতরাং এ হায়েনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, এটাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছি। সবাই শপথ নিলেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়া অসুস্থ থাকলে পুরো দেশ অসুস্থ হয়ে যায়। তিনি এখন মারাত্মক অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে যা করা দরকার মহানগর বিএনপি নেতারা আগামীতে তা করবেন।’
কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক ও ন্যায্য। বিএনপি সমর্থন দিয়েছে বলেই আসল বিষয়টি ধামাচাপা দিতে চায়। এটা তাদের অপকৌশল। আমরা আশঙ্কা করছি, এ আন্দোলনের ফাঁক দিয়ে সরকার কোনো অপকর্ম বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি না ‘
মির্জা আব্বাস বলেন, ‘সরকার আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র করেছে। অনেক নেতাকর্মী দলে দলে কারাগারে গেছেন। আবার বের হচ্ছেন, আবার জেলে যাচ্ছেন। মিথ্যা মামলায় জর্জরিত। অনেকেই গুলি খেয়েছেন। সুতরাং আন্দোলন ব্যর্থ হয়নি।’
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন মির্জা আব্বাস। এ সময় সমবেত নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার আন্দোলন সফলে শপথবাক্য পাঠ করান মির্জা আব্বাস।

