শরীয়তপুরের জাজিরা থেকে লিজা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি শর্টগান, ৮ রাউন্ড গুলি ও ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
শনিবার (২৫ মে) ভোরে উপজেলার মূলনা ইউপির বোয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জাজিরার উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি শর্টগান, ৮ রাউন্ড গুলি ও ৪০ ইয়াবা জব্দসহ লিজা আক্তারকে আটক করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় আক্কাস ঢালী নামে তার এক সহযোগী পালিয়ে যান। তাকে খুঁজছে পুলিশ। এ ঘটনায় জাজিরা থানায় অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।

