লাইফস্টাইল ডেস্ক : ঝগড়ায় নাকি প্রেম গাঢ় হয়। দুজনের মনের ভেতর লুকানো সব মান অভিমান ঝেড়ে তৈরি হয় নতুন ভালোবাসার সম্পর্ক। তবে মনের আকাশে জমে থাকা মেঘকে সরিয়ে রোদের হাসিতে মেতে ওঠা কিন্তু সহজ কথা নয়। অনেক দম্পতি বা প্রেমিক-প্রেমিকা আছেন যারা ঝগড়ার পর আত্মসম্মানের বাধায় ভোগেন। ঠিকভাবে সব কিছু স্বীকার করে নিয়ে সম্পর্কের মধুরতায় ফিরে যাওয়া তাদের জন্য কষ্টকর। তাই জেনে নিন ঝগড়ার পরের সম্পর্ককে মধুময় করার কিছু কৌশল-
ভুল স্বীকার করা
ঝগড়ার পর মাথা ঠাণ্ডা হলে যদি বোঝেন ভুলটি আপনার ছিল তবে সরাসরি তা স্বীকার করুন। আপনার এই ছোট্ট স্বীকারোক্তি সম্পর্কে মধুরতা আনতে টনিকের মতো কার্যকর হবে।
হঠাৎ চমক
সঙ্গীকে ঝগড়ার পরের গুমোট ভাবটি কাটানোর সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে সঙ্গীকে চমকে দেয়া। যেকোনোভাবে সঙ্গীকে চমকে দিয়ে তার মুখে হাসি ফুটানো সম্পর্কের ক্ষেত্রে খুবিই কার্যকর। তাকে সঙ্গীকে হঠাৎ কিছু উপহার দিতে পারেন। হঠাৎ তার সঙ্গে ভালো আচরণও করতে পারেন। এটাও তার জন্য চমক হতে পারে।
চিরকুটের জাদু
ঝগড়া শেষে কথা বলা বন্ধ। কিন্তু চিরকুটে ভালোবাসার কথা জানাতে তো ক্ষতি নেই। আপনার মনের কথা কিংবা তার প্রতি প্রশংসা সূচক ছোট্ট ছোট্ট বাক্যের কথামালা সাজিয়ে লিখতে পারেন। এতে তার মনের অবস্থার পরিবর্তন হবে। আপনার প্রতি সঙ্গী ভালোবাসা অনুভব করবে।

