নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নাগরিক ঐক্যের ব্যানারে পূর্বঘোষিত গণমিছিলটি শেষ মুহূর্তে এসে বাতিল করা হয়েছে। অনিবার্য কারণে কর্মসূচি বাতিল করে সংগঠনটি। সোমবারের মিছিলে নেতৃত্ব দেয়ার কথা ছিল সংগঠনটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার।
তবে গণমিছিল না হলেও নাগরিক ঐক্যের ছাত্র সংগঠনের কর্মীসহ শতাধিক লোক সোয়া ৪টার দিকে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সেখান থেকে একটা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে রওনা হয়।
গণমিছিল বাতিল করার বিষয়টি স্বীকার করে নাগরিক ঐক্যের ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল ইসলাম জানিয়েছেন, মাহমুদুর রহমান মান্না অনিবার্য কারণে আসতে পারেননি আর গণমিছিলটিও বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ফোনালাপে চলতি রাজনৈতিক সঙ্কট উত্তরণে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে আগ্রহ দেখিয়েছেন মাহমুদুর রহমান মান্না। আর এ ফোনালাপ সোমবার গণমাধ্যমে প্রকাশের পর তোলপাড় চলছে।

