নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে কিছু সাংস্কৃতিক কর্মী অগ্নিদগ্ধ হয়ে নিহতদের তালিকা টানিয়ে ‘উস্কানিমূলক’ বক্তব্য দেয়ায় নিন্দা প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, ‘যেখানে আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ডিশ, ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন করেছে এবং বেগম খালেদা জিয়াকে অন্তরীণ অবস্থায় রেখেছে সেখানে কতিপয় আওয়ামী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ বেগম জিয়ার কার্যালয়ের সামনে গিয়ে অসত্য প্রচারণা চালানোর চেষ্টা করেছে। আমরা এ ঘটনায় নিন্দা প্রকাশ করছি। এছাড়া আমরা পেট্রোল বোমা হামলার মাধ্যমে মানুষকে হত্যা করা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে সহিংসতামুখী করে দেয়ায় উদ্বিগ্নতা প্রকাশ করছি।’
অবিলম্বে সংলাপের মাধ্যমে সকল সঙ্কট দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষর দিয়েছেন– বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ঢাকা বিশ্বদ্যিালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, ঢাবির সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক ওয়াকিল আহমেদ, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, ভাষা সৈনিক ও সাংবাদিক মোহাম্মদ আবদুল গফুর, কবি আল মুজাহিদী, ছড়াকার সাংবাদিক আবু সালেহ, গীতিকার মনিরুজ্জামান মনির, অধ্যাপক সুকোমল বড়ুয়া, নৃত্য-গুরু রাহিজা খানম (ঝুনু)।
উল্লেখ্য, হরতাল-অবরোধে অগিদগ্ধ হয়ে নিহতদের তালিকা গতকাল রোববার গুলশানে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে গাছের সঙ্গে টানিয়ে দেন চলচ্চিত্রকার পীযুষ বন্দোপাধ্যায় ও নারী আসনে আওয়ামী লীগের কোটায় নির্বাচিত সংসদ সদস্য তারানা হালিমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
এতে ৫৪ জন নিহতের পরিচয় দেয়া হয়েছে। তালিকার উপরে লেখা আছে- ‘আর কতো লাশ চান আপনি, বেগম খালেদা জিয়া?’
তালিকা টানানোর সময় খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান চলচ্চিত্রকার পীযুষ বন্দোপাধ্যায়কে বলেন, ‘আপনারা এখানে নিহতদের তালিকা নিয়ে এসেছেন। আন্দোলনরত অনেক মানুষকে গুলি করে হত্যা করছে সরকার, গ্রেপ্তার করছে অনেক নিরীহ মানুষদের, আহত হয়েছে অসংখ্য মানুষ। তাদের একটি তালিকা করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যান।’
এ সময় পীযুষ বন্দোপাধ্যায় বলেন, ‘বিষয়টি আমি দেখবো।’
তবে সংসদ সদস্য তারানা হালিম বলেন, ‘বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যা করছেন। আমরা সাধারণ মানুষ, সহিংসতার বিপক্ষে। আমরা জিম্মি হয়ে পড়েছি।’

