জয়পুরহাটের জিতারপুর থেকে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি তসলিম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার তসলিম জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও সাত পিস ট্যাপান্টাডলসহ তসলিম হোসেনেক গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগী রাব্বি (১৯) কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত তসলিম একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামি রাব্বীর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। তসলিম অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে কেউ মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জিতারপুর এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে জানা যায়।
এই সংবাদের ভিত্তিতে গত কয়েককদিন ধরে র্যাব অভিযুক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামিদের মাদক ক্রয়-বিক্রয়ের সময় সদর উপজেলার জিতারপুর এলাকা থেকে তসলিমকে আটক করতে পারলেও সহযোগী রাব্বী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তসলিমের শরীর তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের পিছনে গুজানো অবস্থায় ১টি ওয়ান শুটার গান ও অবৈধ মাদক ৭ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

