নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জনগণের দুশমন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
রোববার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মায়া বলেন, ‘খালেদা জিয়া পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছেন। তিনি এদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি জনগণের নেত্রী নন, জনগণের দুশমন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশটাক পাকিস্তান বানানোর চেষ্টা করছেন। তার আন্দোলন জনগণের স্বার্থে নয়, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য।’
মায়া বলেন, ‘খালেদা জিয়া হযরত মুহাম্মদ (সা.) জন্মদিনেও হরতাল ডাকেন। তিনি ইসলামের শত্রু। তিনি গণতন্ত্রেরও শত্রু।’
হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে কোথাও হরতাল হয় না। জনজীবন স্বাভাবিক। যানবাহন চলছে। তার হরতাল জনগণ মানে না।’
নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয়। ওই পর্যন্ত আপনাকে (খালেদা) অপেক্ষা করতে হবে। সময় হলে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হবে।’
সরকারের এই মন্ত্রী বলেন, ‘খুনিদের সঙ্গে সংলাপ নয়। সংলাপের কোনো পরিবেশও নেই।’
আব্দুল হক সবুজের সভাপতিতে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।

