শেরপুরে সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে সাবেক নারী ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছে। এ সময় দগ্ধ হয়ে মারা গেছে ৪টি গরু। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামারেরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম ও শিশু শরিফ। নিহত ফিরোজা বেগম পয়েস্তিরচর গ্রামের আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আমান উল্লাহর বাড়িতে আজ ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় একটি গোয়ালঘরসহ ২টি ঘর ভস্মীভূত হয়। ঘটনাস্থল থেকে শিশু শরিফের মরদেহ উদ্ধার করে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। আর ফিরোজা বেগমকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ৪টি গরুও মারা যায়।
কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

