রাজশাহী নগরীতে ৫০ কেজি গাঁজাসহ শামিম আক্তার ও হামদুল ইসলাম নামে ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া আম চত্ত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে করে তারা।
গ্রেপ্তার শামিম আক্তার রাজশাহী গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ এলাকার লোকমান আলীর ছেলে ও হামদুল ইসলাম একই থানার মাধবপুর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
রোববার র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম জানতে পারে যে নাটোর থেকে একটি পিকআপ ভ্যানে গাঁজার চালান নিয়ে রাজশাহীর দিকে আসছে। এ তথ্য পাওয়া মাত্রই আম চত্ত্বর এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। পরবর্তীতে পিকআপ ভ্যানেটি গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় কাঠের ভুষির বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকায়ীত অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

