গাজীপুরে ফসলি জমিতে গড়ে উঠা তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়ার পাশাপাশি মালিকপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ ফেব্রুয়ারী) দুপুরে জেলার কালিয়াকৈর উপজেলাধীন দরবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।
জানা গেছে, কোনপ্রকার ছাড়পত্র ছাড়াই ওই এলাকায় তিনটি অবৈধ ইটভাটা পরিচালনা করছিলেন মালিকপক্ষ। পরে সেখানে অভিযান চালিয়ে জি আর বি নামক ইটভাটাকে ৪ লাখ টাকা, এস বি স্টার কে ৪ লাখ টাকা ও এন বি এম কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ওই ইটভাটা তিনটি ভেকু দিয়ে ভেঙে, গুড়িয়ে দেয়া হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চলবে।
এসময় কালিয়াকৈর সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

