ভোলার চরফ্যাশনে মাদ্রাসায় ম্যানেজিং কমিটির ভুয়া সভাপতি দেখিয়ে তার স্বাক্ষর জালিয়াতি করে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতার প্রায় ৪ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলার দক্ষিণ আইচা থানার চরআইচা হোসানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদ হোসেনের বিরুদ্ধে।
জানা যায়, ২০২৩ সালের ১ জানুয়ারিতে মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে দুই বছরের জন্য উপজেলার চরমানিকা ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদারকে চরআইচা হোসানিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি করে একটি প্রজ্ঞাপন জারি করেন। ওই কমিটির মেয়াদ ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এদিকে গত ১৭ নভেম্বর ২০২৩ ইং তারিখে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার হৃদরোগে মৃত্যুবরণ করায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদটি শূন্য হয়। এরই মধ্যে ওই মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদ হোসেন ম্যানেজিং কমিটির সদস্যদের কাউকে না জানিয়ে এবং নীতিমালা না মেনে গত ৩ ডিসেম্বর ২৩ ইং তারিখে ম্যানেজিং কমিটির ভুয়া সভাপতি দেখিয়ে তার স্বাক্ষর জালিয়াতি করে ৩ লাখ ৬০ হাজার ১৪২ টাকা নভেম্বর মাসের বেতন-ভাতার একটি বিল পাস করে চরফ্যাশন রুপালী ব্যাংক জিন্নাগড় শাখা থেকে উত্তোলন করেন। মাদ্রাসা সুপারের এহেন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী সহ অন্যান্য শিক্ষকরা। উল্লেখ্য, মাদ্রাসা ম্যানেজিং কমিটির নীতিমালা ২০২৩ এ প্রণিধান ৫নং এর ৮ (২), ৮(৩) ধারায় বলা আছে কোনো কারণে সভাপতির পদ শূন্য হলে অনধিক ৭ দিনের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের উদ্দেশ্যে সভার আহ্বান করতে হবে। উক্ত সভায় নূনতম দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিততে সভাপতি নির্ধারিত হবে। এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডকে অবহিত করতে হবে।
চরফ্যাশন রূপালী ব্যাংক ম্যানেজার আরমান কিবরিয়া জানান, চরআইচা হোসানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদ হোসেন আমাদেরকে ভুল তথ্য দিয়ে বর্তমান সভাপতি দেখিয়ে বিল উত্তোলন করা তার অন্যায় হয়েছে। বিষয়টি জানতে পেরে তাকে ঢেকে এনে ব্যাংক খোলা তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত লিখিত অনুমোদন অথবা টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে।
চরআইচা হোসানিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুর রব মিয়া জানান, মাদ্রাসা সুপার মাওলানা ফরহাদ হোসেন আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি করার জন্য বিভিন্ন কাগজ পত্রে স্বাক্ষর নেন। বেতন-ভাতা উত্তোলনের ব্যাপারে আমি কিছুই জানিনা।
চরআইচা হোসানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদ হোসেন ভুল স্বীকার করে তিনি জানান, মাদ্রাসার সভাপতি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার মৃত্যুবরণ করায় মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের স্বার্থে আব্দুর রব মিয়াকে সভাপতি দেখিয়ে এ টাকা উত্তোলন করেছি। আব্দুর রব মিয়াকে মাদ্রাসার সভাপতি করার জন্য একটি প্রস্তাবনা শিক্ষাবোর্ডে পাঠানো হয়েছে। কয়েকদিনের মধ্যে সেই প্রজ্ঞাপনটি আসবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন বলেন, এমন ঘটনা আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

