ভোলার চরফ্যাশন উপজেলায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে অনুভূত হচ্ছে শীত। দেখা মেলেনি রোদের। রয়েছে মেঘের দাপটও। আগেরদিন বুধবার আকাশ মেঘলা ছিল। এ কারণে বিপত্তিতে পড়েছেন কৃষকসহ কর্মজীবী মানুষজন।
ভোলা জেলা আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, ভোলায় কোনো ধরনের সতর্ক সংকেত নেই। তবে ঘূর্ণিঝড় মিগজাউম’র প্রভাব কাটার পর থেকে সারাদেশে আকাশ মেঘলা থাকায় ভোলার চরফ্যাশনেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে শীত নামার সম্ভাবনা রয়েছে।
এদিকে উপজেলার সামরাজ মৎস্য ঘাটের মিজান মাঝি জানান, গত সোমবার মাঝিমাল্লাসহ ট্রলার নিয়ে সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় এবং ঘূর্ণিঝড় মিগজাউম’র খবর শুনে সমুদ্রে যাইনি। সারাদিন আকাশ মেঘলা ছিল, দেখা মেলেনি রোদের। আজ বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এভাবে ঘূর্ণিঝড় এবং বৃষ্টি হতে থাকলে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা সম্ভব হবে না।

