বরিশাল প্রতিনিধি : বরিশাল বিএনপি তথা ২০ দলের নেতাকর্মীদের মাঠে থেকে সরকারবিরোধী হরতাল-অবরোধ আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য তাগিদ দিয়েছে কেন্দ্র। বিশেষ করে এ নির্দেশনা কেন্দ্রীয় নেতা বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের কাছে এসেছে।
তবে সরোয়ার চলমান হরতাল-অবরোধ আন্দোলনে একাধিক গাড়ি পোড়ানো মামলায় জড়িয়ে পড়ায় প্রায় আত্মগোপানে রয়েছেন। যে কারণে কেন্দ্রের ওই নির্দেশে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এখন জেলা দক্ষিণ বিএনপি নেতা এবায়দুল হক চাঁনকে দায়িত্ব দেয়া হয়েছে।
কিন্তু কেন্দ্রীয় কোন নেতা বরিশালে হরতাল-অবরোধ চালিয়ে যাওয়ার দিক নির্দেশনা দিয়েছেন সে বিষয়টি প্রকাশে নারাজ এবায়দুল হক চাঁন।
তবে মহানগর বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালহ উদ্দিন আহমেদ সোমবার সন্ধ্যায় সরোয়ারের মোবাইল ফোনে কল দিয়ে বরিশাল কেন্দ্রিক হরতাল-অবরোধ আন্দোলনের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। এসময় তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সরোয়ারকে নির্দেশ দেন।
এছাড়া কেন্দ্রীয় বিএনপির এই শীর্ষ নেতা চলমান সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে বেশকিছু কৌশলও মুঠোফোনে সরোয়ারকে অবহিত করেছেন বলে জানা গেছে। কিন্তু সরোয়ার একাধিক মামলায় গ্রেপ্তার আতঙ্কে পলাতক থাকার কারণে কেন্দ্রের নির্দেশনা পালনের জন্য জেলা দক্ষিণ বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁনকে বলা হয়।
এ বিষয়ে জানতে দক্ষিণা বিএনপির কর্ণধর মজিবর রহমান সরোয়ারের সঙ্গে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে সরোয়ার ঘনিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কেন্দ্র থেকে যে নির্দেশনা এসেছে এতে বলা হয়েছে, চলমান হরতাল-অবরোধের পরিস্থিতি পর্যবেক্ষণে জাতিসংঘ থেকে পর্যবেক্ষণদল না আসা পর্যন্ত চালিয়ে যেতে হবে।
অবশ্য কেন্দ্র থেকে এমন দিক নির্দেশনা পাওয়ার পর তা তৃণমূল নেতাকর্মীদের জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
বরিশাল মহানগর ছাত্রদলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কেন্দ্র থেকে কোনো তাগিদ বা দিক নির্দেশনা আসার বিষয়টি জানা নেই। তবে চলমান হরতাল-অবরোধ আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের আরও কঠোর হওয়ার জন্য বরিশাল বিএনপির নেতারা নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশনা পাওয়ার পরেই বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের বেশ কয়েকজন নেতা গোপনে একটি বৈঠকও করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আহম্মেদ বাবলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে মোবাইলফোনে দুই মিনিটের আলোপচারিতায় কেন্দ্র থেকে আসা নির্দেশনার বিষয়টির ইঙ্গিত পাওয়া গেছে।
কেন্দ্র থেকে আসা নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন ত্বরান্বিত করতে বলা হয়েছে।

