নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছেন, গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দিয়ে সরকার অত্যন্ত সুক্ষ্মভাবে খালেদা জিয়ার জীবননাশের জন্য চেষ্টা করছে। খালেদার প্রাণনাশের জন্যই সরকার এই ঘৃণ্য পথ গ্রহণ করেছে।
সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব বলেন, ‘দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিতের দাবিতে আন্দোলনরত বিএনপি নেত্রীকে তার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার সঙ্গে নেতা-কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না। কেউ দেখা করতে গেলে ফটকের সামনে থেকে গ্রেফতার করা হচ্ছে।’
পুলিশের বাধায় খালেদার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। অথচ বাধা দেওয়া হচ্ছে না মর্মে পুলিশপ্রধান অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনসম্মুখে সমগ্র পুলিশ বাহিনীকে হেয় প্রতিপন্ন করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘নেতা-কর্মীরা যেন অবাধে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন, সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’ সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবে দেশে চরমপন্থা উত্থানের পথ সুগম হবে।’
জাতিসংঘসহ সব মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘খাবার প্রবেশে বাধা দিয়ে সরকার খালেদা জিয়াসহ অন্যদের মৌলিক অধিকার খর্ব করছে।’ খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে সব বাধা দূর করার দাবি জানান খন্দকার মাহবুব।

